জাতীয়
বিএনপি–জামায়াতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: সাবেক উপদেষ্টা ফরিদা
সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন করা হয়েছিল।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এ আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি করে, সেটি বিএনপি–জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই করা হয়েছিল। তার দাবি, এ কারণেই এখন পর্যন্ত বড় কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে চুক্তিটির বিরোধিতা করছে না।
তিনি আরও বলেন, চুক্তিতে প্রয়োজন হলে সংশোধন বা বাতিলের সুযোগ রাখা হয়েছে। তবে বিষয়টি সংসদে আলোচনা হওয়া উচিত বলেও মত দেন তিনি। তার ভাষায়, জনগণের সম্মতি ও সংসদীয় আলোচনার ভিত্তিতেই এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন করা উচিত।
গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের তিনদিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে “অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)” নামে পারস্পরিক বাণিজ্যচুক্তি সই হয়। চুক্তিটি নিয়ে কয়েকদিন ধরেই রাজনৈতিক ও নীতিগত বিতর্ক চলছে।
এদিকে মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির লাভ–ক্ষতি সরকার নিজস্বভাবে যাচাই করবে। রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো বিষয় আছে কি না, সেটিও পর্যালোচনা করা হবে।
তিনি জানান, ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিলের সুযোগ রয়েছে। তবে এমন সিদ্ধান্তের বিরূপ প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।