জাতীয়

যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে, দেশ আমাদের হাতে নেই: ফরহাদ মজহার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৪৪ এএম

যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে, দেশ আমাদের হাতে নেই: ফরহাদ মজহার
ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই উল্লেখ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, সামনে অনেক বড় বিপদ রয়েছে। বাইরে হিন্দুত্ববাদী বিপদের আশঙ্কাও রয়েছে। তাই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ওলামা এলায়েন্স।

বক্তব্যে ফরহাদ মজহার বলেন, দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে হিন্দুত্ববাদী রাজনীতির সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করে তিনি বিপ্লবী চেতনায় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি এবং বিচারহীনতার সংস্কৃতি বহাল রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো গেলেও রাষ্ট্রের গাঠনিক ক্ষমতায় পরিবর্তন আসেনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স–এর আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী। এছাড়া বক্তব্য দেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস–এর নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গবেষক মুসা আল হাফিজ এবং সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান।