জাতীয়

চাঁদপুরের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ছাড়লেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:১১ এএম

চাঁদপুরের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ছাড়লেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহিত

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভাসহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। দলীয় প্রধানকে সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন। এ নিয়ে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সদরের শাহ-মাহমুদপুর ইউনিয়নে একটি খাল পুনঃখননের উদ্বোধন করবেন তারেক রহমান।

দলীয় প্রধানের আগমন ঘিরে উজ্জীবিত বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এ নিয়ে উৎসবভাব বিরাজ করছে দলীয় বিভিন্ন সভায়। উন্নয়নের পাশাপাশি, সাংগঠনিক পর্যায়ে ত্যাগীদের মূল্যায়নে তারেক রহমানের নজর চান কর্মীরা।

স্থানীয় এক নেতা বলেন, এখানে খাল খনন কর্মসূচি হবে। দীর্ঘদিন পর তিনি চাঁদপুরের মাটিতে পা রাখবেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক ঘেঁষে দাঁড়াবেন বিএনপির নেতা-কর্মীরা। চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড, নদী ভাঙন রোধ, স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন দাবি জানাবেন তারা। 

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘আমরা তাঁর আগমন উপলক্ষে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে নিবিরভাবে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।’