জাতীয়
কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুমিল্লাকে বিভাগ ঘোষণার বিষয়ে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। বক্তব্যের সময় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, সবাই একমত হলে সেই দাবি বাস্তবায়ন করা হবে।
দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “সবার আগে দেশ, আর দেশটা সবার।” তিনি আরও বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
সভায় তিনি বলেন, “মানুষ আমাদের পরিকল্পনার ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করব।”
এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই জনসমাগমে মাঠটি পূর্ণ হয়ে যায়। পরে বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছালে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
বরুড়ার পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যান। সেখানে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমেরও সূচনা করেন।