জাতীয়
দেশসেবা ও সমুদ্রসীমা রক্ষায় শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
দেশসেবা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৬ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ।
বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে এ/২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌবাহিনীর গৌরবোজ্জ্বল জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন শাহারিয়ার টুটুল। এছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে মো. সামিউল ইসলাম শাকিল ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জন করে মো. কাদের মিয়া ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।
সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অঙ্গনে সামরিক প্রশিক্ষণ শেষে জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত। আধুনিক প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে নতুন যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।
নবীন নাবিকদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন, দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মানসিক দৃঢ়তাকে কাজে লাগিয়ে তাদের দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।