জাতীয়
সিআইডির প্রধান হলেন আলি আকবর খান
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি আলি আকবর খান। এ সংক্রান্ত আদেশ সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলি আকবর খান ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সংস্থাটির সদস্যরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাগত দক্ষতার মাধ্যমে সিআইডির কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে।
আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করা এই পুলিশ কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।