জাতীয়

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট দিতে হবে না, জুয়েল রানাকে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় কনটেন্ট নির্মাতা চিত্ত মিডিয়ার জুয়েল রানার সঙ্গে সাক্ষাতে তিনি এ তথ্য জানান।

সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। কৃষি ও প্রকৃতিনির্ভর ভিডিও নির্মাণের মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন জুয়েল রানা। তার ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’ চালুর পর থেকে বর্তমানে অনুসারীর সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়েছে।

সাক্ষাৎ শেষে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের ওপর ভ্যাট আরোপের বিষয়টি সম্পর্কে তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি যাচাই করার নির্দেশ দেন এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেন।

জুয়েল রানা আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান—ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতারা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা বৈদেশিক মুদ্রা দেশে আনছেন এবং ডিজিটাল খাতে তরুণদের সম্পৃক্ততা বাড়াচ্ছেন। তাই তাদের ওপর এমন কর আরোপের কোনো সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সাররা অবৈধভাবে সম্পদ পাচার না করে বরং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছেন। এ কারণে তাদের জন্য নীতিগতভাবে সহায়ক পরিবেশ বজায় রাখা হবে বলেও প্রধানমন্ত্রী আশ্বাস দেন।

তবে জুয়েল রানার এই বক্তব্যের বিষয়ে এখনো সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।