জাতীয়
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করে এ গুরুত্বপূর্ণ পদে জয় লাভ করেন।
নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকৌরিসের পক্ষে ভোট পড়ে ৯১টি।
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। নির্বাচনের মাধ্যমে তিনি এক বছরের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ফোরামগুলোর একটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।
তিনি বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
নিউইয়র্ক সময় সকাল ১০টায় সাধারণ পরিষদের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক আবর্তন নীতির আওতায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশের ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।