জাতীয়
অবহেলায় বৃদ্ধা মায়ের মৃত্যু: পদ হারালেন সেই যুগ্মসচিব
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের মধ্যে তার ছেলে যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে অপসারণ করেছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে বর্তমান পদ থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘদিন পড়ে থাকায় পচন ধরে এবং পোকায় আক্রান্ত হয়। স্থানীয়রা জানান, বাসাটি ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করতেন। তবে বাসার পরিবেশ ছিল অস্বাস্থ্যকর।
তিনি আরও জানান, নুরজাহানের এক ছেলে যুগ্মসচিব এবং অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার এক মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
এ ঘটনায় সন্তানদের অবহেলার অভিযোগ তুলে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।