জাতীয়
ঈদযাত্রায় ১৩ দিনে ২৯২ সড়ক দুর্ঘটনা, নিহত ২৮১ জন
ঈদুল আজহা উপলক্ষে যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনায় দেশে গত ১৩ দিনে ২৮১ জন নিহত ও ৮৩৭ জন আহত হয়েছেন। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এই সময়ে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংগঠনটির তথ্যমতে, মোট দুর্ঘটনার মধ্যে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৪ দশমিক ১২ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
এ সময়ে সড়কের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনা ঘটেছে। ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনে ৮ জন ছিলেন।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। বিপরীতে সিলেট বিভাগে সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
একক জেলা হিসেবে ফরিদপুরে সর্বোচ্চ ১৯টি দুর্ঘটনায় ২৮ জন প্রাণ হারিয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে।