জাতীয়
অর্থসংকটে বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের
অর্থসংকটের কারণে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। টানা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী, ফলে তাদের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র জানায়, ফাউন্ডেশনটির মাসিক ব্যয় প্রায় ১৬ লাখ টাকা, যার মধ্যে শুধু বেতন বাবদ খরচ হয় প্রায় ১২ লাখ টাকা। সর্বশেষ গত মার্চ মাসে সরকারি তহবিল থেকে ফেব্রুয়ারির বেতন পেয়েছেন কর্মীরা। এরপর আর কোনো অর্থ ছাড় না হওয়ায় বেতন বন্ধ হয়ে যায়।
ঈদুল আজহা সামনে রেখে এপ্রিল মাসের বেতন দিতে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর ব্যক্তিগত তহবিল থেকে বিনা সুদে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ধার দেন। তবে মার্চ ও মে মাসের বেতন এখনও পরিশোধ করা সম্ভব হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের চিকিৎসা সহায়তা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্দেশ্যে ২০২৪ সালে সরকার এই ফাউন্ডেশন গঠন করে। ওই বছরের ১২ সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রতিষ্ঠানটিকে ১০০ কোটি টাকার প্রাথমিক অনুদান দেওয়া হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দ্রুত অর্থ ছাড়ের দাবি জানিয়েছেন তারা।