জাতীয়
নিম্ন আয়ের গ্রাহকদের জন্য স্বস্তি, বাড়ছে না বিদ্যুৎ বিল
সব শ্রেণির গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হলেও নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিল না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিদ্যুৎ বিভাগের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের ৫০ ইউনিট পর্যন্ত এবং আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ আগের দামে ব্যবহার করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক গ্রাহকশ্রেণির লাইফলাইন (০-৫০ ইউনিট) বিদ্যুতের এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা জুন মাস থেকে কার্যকর থাকবে।
তবে এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর আয় কমে যাবে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘাটতি পূরণে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হবে।
এর আগে বুধবার লাইফলাইন (০-৫০ ইউনিট) বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপ (০-৭৫ ইউনিট) ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।