জাতীয়
রোববার শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন রোববার (৭ জুন) বসতে যাচ্ছে। বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন হওয়ায় তা বিশেষ গুরুত্ব বহন করছে।
গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।
প্রতি বছরের মতো জুন মাসে অনুষ্ঠিত এই বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের আয়-ব্যয়ের পরিকল্পনা, উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অর্থনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হবে। একই সঙ্গে বাজেটের ওপর বিস্তারিত আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।