জাতীয়

শহীদ আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ ঘোষণার দাবি মঞ্চ-২৪ এর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

শহীদ আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ ঘোষণার দাবি মঞ্চ-২৪ এর
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন ‘মঞ্চ-২৪’। শনিবার (৬ জুন) বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের রক্তের বিনিময়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সরকার একুশে পদক ও স্বাধীনতা পদক প্রদান করলেও আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ উপাধি না দেওয়া জাতির জন্য লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে তাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

এসময় সরকারকে সতর্ক করে ফাহিম ফারুকী বলেন, বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তার দাবি, দেশে এখনও ভারতীয় গুপ্তচররা সক্রিয় রয়েছে এবং তারা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কর্মরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।