জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তিন দিনের সফরে গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এছাড়া একইদিন কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন হাকান ফিদান।

কূটনীতিতে যোগ দেওয়ার আগে দীর্ঘ সময় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কূটনীতিকের ঢাকা সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও জোরদারের সুযোগ সৃষ্টি হয়েছে।