জাতীয়

লাল টেলিফোনের তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬ পিএম

লাল টেলিফোনের তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি
ছবি: সংগৃহীত

সচিবালয়ে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একান্ত সচিবের ব্যবহৃত একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এতে মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে মন্ত্রণালয়ের ১৬ তলা থেকে মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটি চুরি হয়। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তরও রয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, দুপুরে শাকিরুল ইসলামের কক্ষে প্রবেশ করেন ইমামুল হাফিজ নাদিম। মাত্র কয়েক মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই।

সূত্র আরও জানায়, ওই সময় ভবনে বিদ্যুৎ ছিল না এবং কক্ষের বাইরে লোকসমাগম ছিল। পরে খোঁজাখুঁজি করা হলেও ল্যাপটপটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরা আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল। এতে গুরুত্বপূর্ণ কিছু নথিও থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, ভবনের ১৬ তলায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। গুরুত্বপূর্ণ দপ্তরে সহজেই প্রবেশ করা যায় এবং প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কারণে ঝুঁকি তৈরি হচ্ছে।

তাদের মতে, লিফট থেকে নেমেই কোনো নিরাপত্তা বলয় ছাড়াই করিডোরে প্রবেশ করা সম্ভব, ফলে দপ্তরগুলো কার্যত ঝুঁকির মধ্যে রয়েছে।

প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করা হয়েছে। তবে জনবল সংকট রয়েছে—মোট ২২ জন আনসার পুরো ভবনের দায়িত্বে থাকায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

এ বিষয়ে ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।