জাতীয়

বাজেটে দাম বাড়তে ও কমতে পারে যেসব পণ্যের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৪৬ এএম

বাজেটে দাম বাড়তে ও কমতে পারে যেসব পণ্যের
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য আজ জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও খাতে কর, শুল্ক এবং মূল্য সংযোজন করের পরিবর্তনের কারণে বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে, আবার কিছু পণ্যের দাম কমার সম্ভাবনাও রয়েছে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে-

সিগারেট ও নিকোটিনজাত পণ্য
সিগারেটের সব স্তরে মূল্যসীমা বৃদ্ধির পাশাপাশি নিকোটিন পাউচ, সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল এবং নিকোটিনের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে সিগারেট ও নিকোটিনজাত পণ্যের দাম বাড়তে পারে।

মদ্যপ পানীয়
দেশে উৎপাদিত মদ্যপ পানীয়ের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব থাকায় এসব পণ্যের মূল্য বাড়তে পারে।

কাজুবাদাম
আমদানিকৃত কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। ফলে বাজারে এ পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

হিমায়িত মাছ
উচ্চমূল্যের আমদানিকৃত হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হলে এর খুচরা মূল্য বৃদ্ধি পেতে পারে।

রড ও নির্মাণসামগ্রী
মাইল্ড স্টিল রডসহ সংশ্লিষ্ট নির্মাণসামগ্রীর উৎপাদন পর্যায়ে কর ও মূল্য সংযোজন কর বাড়ানো হতে পারে। এতে নির্মাণ খাতের ব্যয়ও বাড়তে পারে।

বিলাসী ও আমদানি পণ্য
বিদেশি প্রসাধনী, বিলাসপণ্য এবং উচ্চমূল্যের আমদানিকৃত খাদ্যপণ্যের ওপর অতিরিক্ত মূল্য সংযোজন কর আরোপের পরিকল্পনা রয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

যেসব পণ্যের দাম কমতে পারে

ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্য
দেশে উৎপাদিত ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, বৈদ্যুতিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, ইন্ডাকশন কুকার, পানি বিশুদ্ধকরণ যন্ত্র ও গিজারসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যের দাম কমতে পারে।

কম্পিউটার ও প্রযুক্তিপণ্য
কম্পিউটার মনিটরের কর অব্যাহতি সুবিধা বহাল রাখা এবং স্থানীয়ভাবে উৎপাদিত ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে কর ছাড় অব্যাহত থাকায় এসব পণ্যের দাম সহনীয় থাকতে পারে।

চিকিৎসাসামগ্রী
হাসপাতালের শয্যা ও চিকিৎসা সরঞ্জামের উৎপাদন এবং আমদানিতে কর ছাড়ের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা এসব পণ্যের মূল্য কমাতে সহায়ক হতে পারে।

নবায়নযোগ্য জ্বালানি পণ্য
সৌর প্যানেল, বায়োগ্যাস এবং লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনে কর মওকুফের ফলে এ খাতের পণ্যের দাম কমতে পারে।

কৃষি ও খাদ্যপণ্য
স্থানীয়ভাবে উৎপাদিত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে কর সুবিধা অব্যাহত থাকায় ভোক্তারা কিছুটা স্বস্তি পেতে পারেন।

স্বর্ণালঙ্কার
স্বর্ণালঙ্কার বিক্রিতে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ফলে স্বর্ণালঙ্কারের দাম কিছুটা কমতে পারে।