জাতীয়

দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। 

আজ রবিবার (১৪ জুন) সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরে রোগীর পরিবারের পরামর্শ ও সুবিধার কথা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেন মন্ত্রী। 

তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম (৭৪)। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিষয়টি অবগত হয়ে তার দেশে ফেরার উদ্যোগ নেন। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান হেদায়েতুল ইসলাম। সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকেন। এ সময় তিনি আর্থিক ও শারীরিক নানা সংকটে পড়েন।

পরে ধর্মমন্ত্রী বিষয়টি জানতে পেরে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে ধর্মমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হেদায়েতুল ইসলামের খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

পরবর্তীতে রোগীর পরিবারের সুবিধা ও চিকিৎসা কার্যক্রম সহজ করতে তাকে নিজ এলাকা ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ধর্মমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।