জাতীয়
ধর্ষণের সব ঘটনাই সমান অপরাধ, বিচারে কোনো ভেদাভেদ হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে ধর্ষণের বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ধর্ষণের কোনো ছোট বা বড় শ্রেণিবিভাগ নেই। সব ধরনের ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনায় আইনের সমান প্রয়োগের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সাম্প্রতিক একটি আলোচিত ঘটনা নিয়ে সংসদে আলোচনা চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার ১৯ ঘণ্টার মধ্যে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে। এরপরও কিছু বক্তব্য ও বিতর্কে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, কেউ কেউ প্রকৃতপক্ষে অপরাধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, নাকি অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, যেমন দুর্নীতির ক্ষেত্রে ছোট বা বড় কোনো বিভাজন নেই, তেমনি ধর্ষণের ক্ষেত্রেও কোনো পার্থক্য করা যায় না। ধর্ষণ মানেই অপরাধ এবং প্রতিটি ঘটনায় আইন অনুযায়ী সমান বিচার নিশ্চিত করা হবে।
এ সময় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, একটি আরও শক্তিশালী কমিশন গঠনের লক্ষ্যেই আগের অধ্যাদেশ কার্যকর করা হয়নি। তবে বিদ্যমান আইন অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করে দ্রুত কমিশনের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংসদে নতুন আইন উত্থাপনের মাধ্যমে আরও কার্যকর কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপিত শ্বেতপত্র অনুযায়ী ব্যাংক খাতের অনিয়ম এবং রাজনৈতিক বিবেচনায় বিতরণ করা ঋণের অর্থ দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।