জাতীয়

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, গুরুত্ব পাচ্ছে অবকাঠামো ও শিক্ষা খাত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পিএম

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, গুরুত্ব পাচ্ছে অবকাঠামো ও শিক্ষা খাত
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা জোগান দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো—ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়), করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্প (প্রথম সংশোধিত)।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এই ৫টি বড় প্রকল্পের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে কক্সবাজারে বিমান বাহিনীর ব্যারাক নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, শমসেরনগরে বিমান বাহিনীর শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।