জাতীয়

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পিএম

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি উদার গণতান্ত্রিক দল, যা সব মত ও শ্রেণিকে ধারণ করে।

তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মালিকপক্ষের সিদ্ধান্তে অনেক সাংবাদিক চাকরি হারাচ্ছেন।

তিনি দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন সংবাদমাধ্যম তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ভোগ করেছে।

এসময় তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের বেতন কাঠামো উন্নয়নের বিষয়ও তুলে ধরা হয়।