জাতীয়

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫১ পিএম

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ। শহর থেকে গ্রাম সবখানেই এখন ফুটবল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক আর সমর্থনের উত্তাপ। কে কোন দলের ভক্ত, শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনালী ট্রফি এসব নিয়েই সরগরম চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম।

এই আবহেই প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করেন, তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়। যদিও তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে তার দেওয়া ইঙ্গিত থেকেই বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে আলোচনায় উঠে আসে চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ।

এ সময় এক সাংবাদিক জানতে চান, তিনি কোন দলের সমর্থক। জবাবে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।’

তার এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়। সরাসরি নাম না বললেও তার ইঙ্গিতটি দ্রুতই পরিষ্কার হয়ে ওঠে।

প্রধানমন্ত্রীর অতীত রাজনৈতিক জীবনের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর প্যারোলে মুক্তির পর তিনি পরিবারসহ যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ সময় বসবাস করেন। প্রায় ১৭ বছর প্রবাস জীবনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের কারণে দেশটির সংস্কৃতি ও জীবনধারার প্রতি তার একটি স্বাভাবিক অনুরাগ তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকে। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলের প্রতিই তার সমর্থন রয়েছে বলে ধারণা করছেন ফুটবলপ্রেমীরা।