জাতীয়
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ব্যাখ্যা দিলেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। সেতু নির্মাণের সময় কিছু প্রতিবন্ধকতা বা ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী কিছু মাটি সরানো হয়েছিল।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, সেতুর পিলারের গোড়া দুর্বল করার জন্য কোনো মাটি সরানো হয়নি। নির্মাণ কাজের অংশ হিসেবে রাখা অতিরিক্ত মাটিই অপসারণ করা হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পদ্মা রেলসেতুর একটি পিলারের পাশে মাটি অপসারণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে মন্ত্রী বলেন, নির্মাণকাজের সহায়ক হিসেবে ওই অতিরিক্ত মাটি রাখা হয়েছিল। দীর্ঘদিন তা সরানো হয়নি। পরে মাটি জমে উঁচু হয়ে যাওয়ায় সেখান থেকে মই ব্যবহার করে কিছু জিনিস চুরি হওয়ার বা চুরির চেষ্টা হওয়ার আশঙ্কা তৈরি হয়। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাটি অপসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ওই স্থানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।