জাতীয়
প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম
বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি নিজেও বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের অনুরোধ জানান।