জাতীয়
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত তিন মাসে দেশে যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন তিনি প্রথমে ভবেরচর বাজার এলাকায় প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুইতলা বিশিষ্ট একটি গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। পরে কালীগাছ তলা থেকে ইমামপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া রসুলপুর খেয়াঘাট এলাকায় প্রস্তাবিত ফুলদী সেতু নির্মাণের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গজারিয়াসহ বিভিন্ন এলাকায় থাকা সড়ক ও সেতুগুলোর কাজ আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করা হবে। তিনি দাবি করেন, তিন মাসে যে অগ্রগতি হয়েছে, তা আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলেও দেখা যায়নি।
ফুলদী সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের মধ্যেই এর নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য শাম্মী আক্তার, তাহসিনা রুশদীর লুনা, অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।