জাতীয়
যে জাতি সংগীতকে বেশি গুরুত্ব দেয়, তারা মানসিকভাবে তত উন্নত: সংস্কৃতি মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে।
গতকাল রবিবার (২১ জুন) বিশ্ব সংগীত দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে এ আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘পাখির কণ্ঠে কণ্ঠে, পাতা পড়ার শব্দে, জল তরঙ্গে কিংবা পর্বত থেকে নেমে আসা ঝর্ণার ধারায় প্রকৃতির মাঝ থেকেই সুর ও মূর্ছনার সৃষ্টি হয়েছে। সংগীত এক দেশ থেকে অন্য দেশে, মানুষ থেকে মানুষের মাঝে নিবিড় বন্ধন তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মাঝে সংগীতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। ভাষা ভিন্ন হলেও সুর ও রাগের মূর্ছনা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে।’
পরিশেষে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল সংগীতপ্রেমী, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।