জাতীয়

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে নয়: সংসদে এমপি সিরাজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:২৮ পিএম

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে নয়: সংসদে এমপি সিরাজ
ছবি: সংগৃহীত

বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হতে পারে, তবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ সম্ভব নয়। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, তাদের মধ্যে বিচ্ছেদও ঘটতে পারে। কিন্তু বাংলাদেশ ও ভারতের মতো প্রতিবেশী দেশের সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। প্রতিবেশীকে অস্বীকার করা সম্ভব নয় ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না।”

জিএম সিরাজ আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা জরুরি। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক যেন স্থায়ী ও ইতিবাচক থাকে, সেটাই সবাই চায়।

ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, হাইকমিশনার কাব্যিক ভাষায় দুই দেশের বন্ধুত্বের কথা বলেছেন, তবে সামাজিক মাধ্যমে এর পরপরই বিতর্ক দেখা গেছে। কেন এই প্রতিক্রিয়া তৈরি হলো, সেটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ভারতের ‘পুশ-ইন’ ইস্যু নিয়েও সংসদে বক্তব্য দেন জিএম সিরাজ। তিনি বলেন, এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত এবং দুই দেশের মানুষের হৃদয়ের সম্পর্ক আরও দৃঢ় করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিরোধ নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থানই কাম্য। একই সঙ্গে তিনি মাদক সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে তরুণ সমাজের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।