জাতীয়
পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি
পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কিছু ব্যক্তি ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের লাঠিসহ অংশগ্রহণ করে অতীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে, যা জননিরাপত্তার জন্য হুমকি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহররম মাসে আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এসব কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে।