জাতীয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের ছয়টি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির জানান, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর দল ঢাকার পোস্তগোলা ক্যান্টনমেন্ট থেকে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। পোস্তগোলা ক্যান্টনমেন্ট থেকেই নারায়ণগঞ্জে টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালিত হবে।
জেলা প্রশাসক আরও জানান, সেনাবাহিনী নারায়ণগঞ্জের কোন সময় ও কোন এলাকায় টহল দেবে সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানানো হবে। পরে বিষয়টি গণমাধ্যমকেও অবহিত করা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।