জাতীয়
প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় তারা লালগালিচায় হেঁটে বিমানে আরোহন করেন।
এর আগে গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন।
দালিয়ানের কর্মসূচি শেষে ২৪ জুন হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বেইজিংয়ে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি।
নতুন সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে তার বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।