জাতীয়

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:২৫ পিএম

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, প্রয়োজনে লংমার্চ কর্মসূচি দেওয়া হবে। প্রশাসন ব্যর্থ হলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবেন। এমনকি সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে এলেও গোলাবাড়ি এলাকায় মাদক নিয়ন্ত্রণে আসছে না। সেখানে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। কাউকে ধরলে কেউ অখুশি হবে এমন চিন্তা করে বসে থাকলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা ব্যবস্থা নিতে না পারলে বিষয়টি তিনি নিজেই দেখবেন। প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে গোলাবাড়িতে লংমার্চ করার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াবেন।

এ সময় জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকুর উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, হত্যা ও মাদকসহ ৩৫টি মামলার আসামিরা কীভাবে জামিন পায়। এ ক্ষেত্রে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, অধ্যক্ষ শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ ইউএনও সুজন চন্দ্র রায়, আদর্শ সদর ইউএনও ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।