জাতীয়
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব
বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগ নিলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে-শাদীতে ব্যাপক অপচয় হয়, যা কল্পনার বাইরে। গায়ে হলুদসহ নানা আয়োজনকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে। এসব অনুষ্ঠানে নাচ-গান ও জাঁকজমকের নামে বিপুল অর্থ খরচ করা হয় এবং খাবারের বড় অংশই অপচয় হয়।
তিনি আরও বলেন, আগে অতিথি নিয়ন্ত্রণে একটি আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি হলে কর আরোপ করা হতো। সেই ধারনা থেকে নতুন করে প্রস্তাব দিয়ে তিনি বলেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।
তার মতে, বিয়ে-শাদীতে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধ করা গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অন্তত ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।