জাতীয়

সময় চাহিয়া লজ্জা দিবেন না: সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩০ এএম

সময় চাহিয়া লজ্জা দিবেন না: সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাড়তি সময়ের অনুরোধ জানালেও তা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

শনিবার সংসদে বাজেট আলোচনার শুরুতে স্পিকার জানান, বাজেট নিয়ে আলোচনার জন্য সময় সীমিত। আজ ও আগামীকাল দুই দিন আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম নেওয়া হবে। তাই সরকারি ও বিরোধী দলের হুইপদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে।

তিনি বলেন, নির্ধারিত সময় আহ্বানের সময় জানিয়ে দেওয়া হবে এবং এরপর আর সময় বাড়ানো হবে না। সংসদ সদস্যদের ঘড়ির দিকে নজর রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসমাপ্ত বক্তব্য রেখে বসে পড়ার মতো পরিস্থিতি যেন না হয়।

সময় বাড়ানোর অনুরোধ না করতে সদস্যদের সতর্ক করে স্পিকার বলেন, বাজেট অধিবেশন সফলভাবে শেষ করতে সময় মেনে চলা জরুরি। তাই অনুরোধ করে বিব্রত না করার আহ্বান জানান তিনি।

এর আগে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ধন্যবাদ প্রস্তাবের আলোচনাতেও সময় বেঁধে দেন স্পিকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে তাকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি।

ধন্যবাদ প্রস্তাব পাসের পর বাজেট আলোচনা শুরু হয়। প্রথম বক্তা হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয় এবং সময় শেষ হলে তাকে থামিয়ে দেন স্পিকার।

পরবর্তীতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষে অতিরিক্ত সময় চাইলে স্পিকার সরাসরি তা নাকচ করেন। তিনি বলেন, ‘মুদি দোকানে যেমন লেখা থাকে—বাকি চাহিয়া লজ্জা দিবেন না; তেমনি সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

পরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ ও চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও একই নির্দেশনা দেন স্পিকার। নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার ওপর জোর দেন তিনি।