জাতীয়
চার খলিফার নামে সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন, যুক্ত হলো ৪ কোম্পানি
বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। এই ব্যাটালিয়নের অধীনে মোট চারটি কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলোর নাম রাখা হয়েছে ইসলামের চার খলিফা—হযরত আবু বকর (রা), হযরত উমর (রা), হযরত উসমান (রা) ও হযরত আলী (রা)-এর নামে।
বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম পেজে গত ১৮ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেনাপ্রধান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’-এর উদ্বোধন করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং সামগ্রিক প্রশিক্ষণের মানোন্নয়নের লক্ষ্যেই এই নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, এর আগে ‘প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নে’ পাঁচটি কোম্পানি ছিল—জাহাঙ্গীর, রউফ, হামিদ, নুর মোহাম্মদ ও মোস্তফা কোম্পানি—যেগুলোর নামকরণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের বীরদের নামে। নতুনভাবে গঠিত দ্বিতীয় ব্যাটালিয়নে চার খলিফার নামে কোম্পানি নামকরণের মাধ্যমে সেনাবাহিনীর কাঠামোগত সম্প্রসারণে ভিন্নমাত্রা যুক্ত হয়েছে।
এছাড়া দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নে আরও দুটি কোম্পানি যুক্ত করার প্রস্তাব রয়েছে, যা হবে পূর্ণাঙ্গ নারী কোম্পানি। নবী মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা) ও স্ত্রী হযরত আয়েশা (রা)-এর নামে কোম্পানি দুটির নামকরণ প্রস্তাব করা হলেও এখনো তা অনুমোদন পায়নি।
সেনাবাহিনীর সূত্র আরও জানায়, প্রতিবছর ক্যাডেট নিয়োগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ব্যাটালিয়ন গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।