জাতীয়
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভা ও জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।
‘ছত্রিশ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানের মূল মঞ্চের ব্যানারে লেখা ছিল, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা। ৪ জুলাইয়ের এই দিন হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত নয় দিনের কর্মসূচির সমাপনী দিনে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এর আগে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। ধারাবাহিক কর্মসূচি শেষে ৩ আগস্টের ছাত্রসমাবেশের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।