জাতীয়
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাই যোদ্ধা শাহিন
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিজেকে 'জুলাই যোদ্ধা' হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ শাহিন মালু বলেছেন, দেশের মানুষ যদি দেশকে ভালোবাসে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, এ নিয়ে কোনো কথা চলবে না।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়।
শাহিন মালু বলেন, বর্তমানে দেশের অনেক মানুষ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তারেক রহমানকে সময় দেওয়া হলে ভবিষ্যতে বিদেশিরা বাংলাদেশে এসে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপিপন্থী আহত ও নিহতদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপিকে ভালোবাসতে গিয়ে তিনি সবকিছু হারিয়েছেন এবং দীর্ঘ ১৭ বছর কষ্ট করেছেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিপুল সম্পদের মালিক হয়েছেন। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এখনো তাকে ক্রাচের ওপর নির্ভর করে চলতে হচ্ছে।
জিয়া পরিবার দেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলেও মন্তব্য করেন শাহিন মালু। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশে ফিরতে পারেননি। দেশের উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।