জাতীয়
ব্যতিক্রমী বৃক্ষমেলা: বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর ছবি
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল সরকারি অনুষ্ঠানে একটি বিষয় বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে—কোথাও ছিল না প্রধানমন্ত্রীর ছবি।
অনুষ্ঠানে উপস্থিত অনেক অতিথিই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। সাভার থেকে আসা পরিবেশকর্মী সোলায়মান নিলয় বলেন, ‘এটা খুবই দৃষ্টি আকর্ষণ করার মতো ঘটনা। আজকের অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর কোনো ছবি নেই।’
তিনি আরও বলেন, ‘দুই দিন আগেই সংবাদে দেখেছিলাম, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন সরকারি অনুষ্ঠানে তার ছবি ব্যবহার না করতে। আজকের অনুষ্ঠানে সেই নির্দেশের বাস্তবায়ন দেখলাম। আগে বড় করে প্রধানমন্ত্রীর ছবি থাকত, এবার নেই। এটি সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ।’
এর আগে গত ৫ জুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে। এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না। পরিবর্তে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তা যেন স্পষ্টভাবে উপস্থাপিত হয়, সে অনুযায়ী নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানের মূল মঞ্চসহ বিভিন্ন স্থানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা বিষয়ে প্রায় ২০টি ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। সেখানে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে পরিবেশবিষয়ক বার্তাকেই গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের কথা বলেছেন, এই উদ্যোগ তারই প্রতিফলন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা রোজা বলেন, ‘আগে অনেক সময় প্রধানমন্ত্রীর ছবি এত বড় করে ব্যবহার করা হতো যে অনুষ্ঠানের মূল বিষয়টাই আড়ালে চলে যেত। এখন সেই সংস্কৃতি থেকে সরে এসে মূল বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা অবশ্যই প্রশংসনীয়।’
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস