জাতীয়
পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণমন্ত্রী
আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি মেরিন প্রযুক্তি ইনস্টিটিউটসহ মোট ১১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থানমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ ও সংরক্ষণের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি এবং ভাষাগত দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং দালালচক্রের প্রতারণা কমাতে সরকার কাজ করে যাচ্ছে। বিদেশগামী কর্মীদের দ্রুত প্রেরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
তিনি জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।