জাতীয়
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে শেখ হাসিনার ব্যক্তিগত বক্তব্যকে সরকার প্রাসঙ্গিক মনে করছে না।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতের সাজাপ্রাপ্ত একজন আসামি হিসেবে তার বক্তব্য এখন প্রাসঙ্গিক নয়।
তিনি বলেন, “বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। তিনি দেশে নানা অন্যায়, অত্যাচার ও অপরাধ করে বিদেশে পালিয়ে আছেন। তিনি কী বলছেন, সেটি এখন একেবারেই প্রাসঙ্গিক নয়।”
শামা ওবায়েদ জানান, অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু হওয়া কূটনৈতিক যোগাযোগ বর্তমান সরকারও অব্যাহত রেখেছে। ভারত সরকারের সঙ্গে নির্ধারিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তিনি বলেন, “বন্দি বিনিময় চুক্তি কিংবা আন্তর্জাতিক প্রোটোকল ও প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে দেশে এনে বিচার করা হবে। বাংলাদেশের জনগণও সেটাই চায়।”
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সংঘটিত দুর্নীতি, হত্যা ও গুমসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশেই হওয়া উচিত। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারতের সহযোগিতা বা আইনি জটিলতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি বিষয়গুলো আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পর্যায়ে যেসব উদ্যোগ নেওয়ার প্রয়োজন, তা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, *“এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। আমাদের দিক থেকে কূটনৈতিক কোনো ঘাটতি নেই।”