জাতীয়
১১ দিনের সফরে বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, গবেষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ১১ দিনের দাওয়াতি সফরে বাংলাদেশে আসছেন।
আগামী ১২ জুলাই ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সফরকালে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচিতে অংশ নেবেন।
এ সময় তিনি দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ও করবেন। তার সফর উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।
সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’। এতে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেবেন আল্লামা সাজ্জাদ নোমানী।
একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই সম্মেলন ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামী চিন্তাচর্চায় আগ্রহীদের জন্য এটি গুরুত্বপূর্ণ জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক আলোচনা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
চট্টগ্রাম সফরে দেশের ঐতিহ্যবাহী দুটি বড় মাদ্রাসা—হাটহাজারী ও পটিয়া মাদ্রাসা—পরিদর্শনেরও কথা রয়েছে তার।
১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম হিসেবে সুপরিচিত।