জাতীয়

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:০৪ এএম

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এই বর্ষীয়ান রাজনীতিক দীর্ঘদিন দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবনে শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন।

পঞ্চগড়ের তেতুলিয়ায় জন্ম নেওয়া জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইনের ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।