জাতীয়

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
ছবি: সংগৃহীত

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ ও সৎ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি উল্লেখ করেন, জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের কঠিন সময় ও প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আদর্শচ্যুত হননি এবং দৃঢ়তার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।

বিগত দীর্ঘ সময়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান দেশ ও দলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং প্রকৃত দেশপ্রেমিককে হারাল। তার আদর্শ, প্রজ্ঞা ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।