জাতীয়

রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেক সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম

রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেক সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর পরিবেশ ও জলাধার রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর উন্নয়ন এবং রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিক করতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ সময় গুলশান ও বারিধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ উন্নয়ন কার্যক্রম জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী রাজধানীর লেকগুলো পুনরুদ্ধার, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।