জাতীয়

‘অভিমান ভাঙাতে’ মিত্রদের নৈশভোজে ডাকছেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

‘অভিমান ভাঙাতে’ মিত্রদের নৈশভোজে ডাকছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন দল বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সম্পর্কের দূরত্ব কমাতে নতুন উদ্যোগ নিয়েছে। সরকার গঠনের পাঁচ মাস পর আগামী ২০ জুলাই সন্ধ্যায় শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সভা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনার ব্যস্ততায় এতদিন শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা সম্ভব হয়নি। এই নৈশভোজের মাধ্যমে তাদের সঙ্গে মতবিনিময় এবং রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে।

তবে আমন্ত্রণ নিয়ে শরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ জানিয়েছেন, তারা অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জেনেছেন, আবার অনেকেই এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তিনি বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জেনেছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাননি।

অন্যদিকে, শরিক জোটের একাধিক নেতার মতে, সাম্প্রতিক নির্বাচনে যারা অংশ নিয়েও সংসদে প্রতিনিধিত্ব পায়নি, তাদের নিয়েই মূলত এই বৈঠক আয়োজন করা হচ্ছে। নির্বাচনের পর যে ধরনের অবমূল্যায়নের অনুভূতি তৈরি হয়েছিল, এই উদ্যোগের মাধ্যমে তা দূর করার চেষ্টা করা হতে পারে বলে মনে করছেন তারা।