জাতীয়
একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী
‘একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। একইসঙ্গে তাকে নিয়ে ট্রল ও সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন। এক শিক্ষক, যিনি নিজের নামের আগে ডক্টর ব্যবহার করেন, তিনি তাকে ‘পরীক্ষা মিলন’ নামে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে মন্ত্রী প্রশ্ন তোলেন, ‘আপনি যে পিএইচডি করেছেন, সেটি কি কোনো পরীক্ষা ছাড়াই করেছেন?’
শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে শিক্ষাব্যবস্থায় প্রজেক্টভিত্তিক পদ্ধতি চালু থাকলেও পরীক্ষার গুরুত্ব অস্বীকার করা যায় না। ‘পরীক্ষা ছাড়া কি শিক্ষা সম্পন্ন হয়? পরীক্ষা ছাড়া কি সনদ দেওয়া সম্ভব?’— এমন প্রশ্ন তুলে তিনি শিক্ষার মানোন্নয়নে পরীক্ষার প্রয়োজনীয়তার কথা জানান।
তিনি আরও বলেন, অনেক শিক্ষিত ব্যক্তিও বিভ্রান্তিকর মন্তব্য করছেন, যা সমাজে ভুল বার্তা দিচ্ছে। দেশে পিএইচডি ডিগ্রির সংখ্যা বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি এসব ডিগ্রির মান নিয়েও প্রশ্ন তোলেন।
একটি গল্পের উদাহরণ দিয়ে তিনি পিএইচডি ডিগ্রি নিয়ে কটাক্ষ করেন। গল্পে একজন ব্যক্তি অর্থের বিনিময়ে পিএইচডি ডিগ্রি নেন এবং পরে নিজের ঘোড়ার জন্যও একই ডিগ্রি চান। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানায়, তারা ঘোড়াকে নয়, গাধাকে পিএইচডি প্রদান করে। এই গল্পের মাধ্যমে তিনি কিছু ডিগ্রিধারীর মান নিয়ে ইঙ্গিত দেন।
সমাজে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম এমন বিভ্রান্তি প্রতিহত করবে।
সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। যারা তাকে নিয়ে ট্রল করছেন, তারা প্রকৃত শিক্ষার্থী নন বলেও মন্তব্য করেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অযথা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
শেষে তিনি বলেন, দেশের মানুষকে সুশিক্ষিত করে তোলাই তাদের লক্ষ্য। সমালোচনা বা ট্রল যাই হোক, দায়িত্ব পালনে সরকার পিছপা হবে না।