জাতীয়

মালয়েশিয়ায় ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের জোবায়ের 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:০৮ এএম

মালয়েশিয়ায় ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের জোবায়ের 
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬-এ বাংলাদেশের জন্য নতুন সাফল্য বয়ে এনেছেন তরুণ সংবাদ উপস্থাপক, শিক্ষক ও মডেল জোবায়ের হক ফাহিম। কুয়ালালামপুরের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-এ আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি অর্জন করেছেন ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’। একই সঙ্গে নেতৃত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অংশগ্রহণ সনদ।

জাতিসংঘের এসডিজি, নেতৃত্ব, উদ্ভাবন, নীতিনির্ধারণ এবং বৈশ্বিক সহযোগিতাকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা অংশ নেন। গবেষণা, নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা এবং উদ্ভাবনী ধারণার মাধ্যমে তারা বৈশ্বিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান তুলে ধরেন।

সম্মেলনটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের আন্তর্জাতিকভাবে পরিচিত তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। জাতিসংঘ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় এবং টেডএক্সের বক্তা হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন ও নেতৃত্ব বিকাশে কাজ করছেন। তার উদ্যোগেই তরুণদের জন্য এই বৈশ্বিক নেতৃত্বের প্ল্যাটফর্ম গড়ে ওঠে।

সম্মেলনে নিজ দলের ষষ্ঠ বক্তা হিসেবে ‘প্রজেক্ট পিওরস্টেপ’ (Project PureStep) উপস্থাপন করেন জোবায়ের হক ফাহিম। ‘প্রত্যাশিত প্রভাব ও সমাপনী’ শীর্ষক অধিবেশনে তিনি প্রকল্পটির স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং বৃহত্তর পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। তার উপস্থাপনা জাতিসংঘের এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিচারকদের প্রশংসা অর্জন করে।

সম্মেলনজুড়ে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি, উপস্থাপনার মান, উদ্ভাবনী ধারণা এবং বৈশ্বিক নেতৃত্বের সক্ষমতা মূল্যায়ন করেন অধ্যাপক ফারাহ হানিফ (মালয়েশিয়া), ড. সারভিন্দার কৌর সান্ধু (ভারত), অধ্যাপক ফাতমির শেহু (আলবেনিয়া) এবং ড. নাজমুস সায়াদাত (বাংলাদেশ)।

তাদের মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্বে নীরব অথচ কার্যকর অবদান, গঠনমূলক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানের উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ জোবায়ের হক ফাহিমকে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অংশগ্রহণ সনদ অর্জন করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের সাধারণ পরিবারে বেড়ে ওঠা জোবায়ের হক ফাহিম নবম শ্রেণি থেকেই পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে এক দশকের বেশি সময় শিক্ষার্থীদের পাঠদান করেছেন। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর মডেল এবং কাজী টিভি-র সংবাদ উপস্থাপক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

জোবায়ের হক ফাহিম জানান, তার এই আন্তর্জাতিক অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘Power of Wonder Woman’ প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন ধাপে প্রতিষ্ঠানটির সহযোগিতা ও অনুপ্রেরণা তার পথচলাকে আরও সহজ করেছে।

তিনি মনে করেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি বাংলাদেশের তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও সম্ভাবনারও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। তার আশা, এ সাফল্য ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি তরুণকে বৈশ্বিক নেতৃত্ব, উদ্ভাবন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।