জাতীয়

বেসরকারি হজের তিন প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

বেসরকারি হজের তিন প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা
ছবি: সংগৃহীত

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী হজ পালনে আগ্রহীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্যাকেজের বিস্তারিত তুলে ধরা হয়।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বিশেষ প্যাকেজে খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। সাধারণ প্যাকেজে ব্যয় হবে ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা। আর সাশ্রয়ী প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।

সংবাদ সম্মেলনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, হজযাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে এজেন্সিগুলো চাইলে ঘোষিত তিনটি প্যাকেজের পাশাপাশি আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ চালু করতে পারবে।

সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যাতে আরও বেশি মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পান।

তিনি আরও জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে।