জাতীয়

পরীক্ষাকালে আর চাকরি করতে হবে না, ইকনের পড়াশোনার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

পরীক্ষাকালে আর চাকরি করতে হবে না, ইকনের পড়াশোনার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর শোকের মধ্যেও রাতে চাকরি করে পরদিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। তিনি ইকনের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে যাতে ইকনকে জীবিকার জন্য চাকরি করতে না হয়, সে জন্য আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পরীক্ষা শেষে উচ্চশিক্ষাসহ তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে ইকনের সংগ্রামী জীবনের খবর প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর দেশজুড়ে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে তিনি মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুর পর পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে ইকনের কাঁধে।

পারিবারিক সূত্রে জানা যায়, তাদের আদি বাড়ি গোপালগঞ্জে হলেও দীর্ঘদিন ধরে পরিবারটি বাগেরহাটে বসবাস করছে। বর্তমানে ইকন তার মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকেন।

বাবার দাফন সম্পন্ন করার পর সেদিন রাতেই জীবিকার তাগিদে কৃষি ব্যাংকের অর্থ উত্তোলন যন্ত্রের বুথে দায়িত্ব পালন করেন ইকন। দায়িত্ব পালনের ফাঁকেই সেখানে বসে পরীক্ষার প্রস্তুতি নেন। পরদিন সকালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন।

ইকনের এই সংগ্রামের গল্প প্রকাশের পর তার শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহায়তার ঘোষণা দিয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।