জাতীয়
মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক
মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সমস্যা, কল্যাণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমান। অপরদিকে মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন হাফিজ বিন ওসমান। এ সময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা, কনস্যুলার সেবা, পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল বন্দিদের কল্যাণ নিশ্চিত করতে একাধিক প্রস্তাব তুলে ধরার পাশাপাশি তাদের সম্মুখীন হওয়া বাস্তব সমস্যাগুলো কারা কর্তৃপক্ষের নজরে আনে।
জবাবে মালয়েশিয়ার প্রিজন বিভাগের কর্মকর্তারা জানান, বাংলাদেশ হাইকমিশনের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। হাইকমিশনের সঙ্গে সমন্বয় বজায় রেখে বাংলাদেশি বন্দিদের কল্যাণে যেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব, সেগুলো দ্রুত পর্যালোচনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে এই বৈঠকও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ ধরনের বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের সমস্যা দ্রুত সমাধান, কনস্যুলার সেবা উন্নয়ন এবং তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।