জাতীয়

বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপি কখনোই ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দলটি অন্ধ দলীয়করণে বিশ্বাস করে না এবং সুশাসনের নীতিতে অটল রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত তিন দিনব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কার্যক্রমে তিন থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা সেবা পায়।

ভূমিমন্ত্রী জানান, রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে আরও কার্যকর ও সম্প্রসারিত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি যেন আরও বেশি অনুদান পায় এবং বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী।

হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান।